করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে সস্ত্রীক প্রেম চোপড়া

বলিউডে আবারও করোনার হানা। এবার সস্ত্রীক আক্রান্ত হলেন বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া।

আনন্দবাজার পত্রিকা জানায়, স্ত্রী উমা চোপড়ার সঙ্গে তাকে ভর্তি রাখা হয়েছে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে। আপাতত দুজনেই বিপদমুক্ত। দু-এক দিনের মধ্যেই ছেড়ে দেওয়া হবে ৮৬ বছর বয়সী অভিনেতা ও তার স্ত্রীকে।

হাসপাতাল সূত্রে খবর, প্রেম ও তার স্ত্রীকে মোনোক্লোনাল অ্যান্টিবডি ককটেল দেওয়া হয়। চিকিৎসায় ভালো সাড়া দিয়েছেন তারা।

বলিউডে সম্প্রতি একের পর এক তারকার শরীরে বাসা বাঁধছে এই মারণ ভাইরাস। সোমবার সকালেই করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন জন আব্রাহাম। আক্রান্ত তার স্ত্রী প্রিয়া রুঞ্চালও।

জনের পরই কভিড পজিটিভ হওয়ার কথা জানান পরিচালক-প্রযোজক একতা কাপুর। নোরা ফাতেহি, মৃণাল ঠাকুরও এই ভাইরাসের কবলে পড়েছেন। এ ছাড়াও অর্জুন কাপুর, রিয়া কাপুরের মতো তারকারাও রয়েছেন আক্রান্তদের তালিকায়। দিন কয়েক আগেই কভিড আক্রান্ত হয়েছিলেন কারিনা কাপুর খান। আপাতত সুস্থ তিনি।