কলম্বিয়ায় বিদ্রোহী গোষ্ঠীর লড়াইয়ে নিহত ২৩

কলম্বিয়ার আরাউকা প্রদেশে দুটি বিদ্রোহী গোষ্ঠীর সদস্যদের মধ্যে লড়াইয়ে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। এক সংবাদ সম্মেলনে দেশটির প্রতিরক্ষামন্ত্রী দিয়েগো মোলানো সোমবার রাতে এ কথা জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলার সীমান্তবর্তী আরাউকায় রবিবার বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) সদস্যদের সঙ্গে অপর বিদ্রোহী গোষ্ঠী রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (এফএআরসি) ভিন্নমতাবলম্বীদের লড়াই শুরু হয়; এফএআরসির এই অংশটি ২০১৬ সালে হওয়া একটি শান্তি চুক্তি প্রত্যাখ্যান করেছিল।

ওই দিন রাতে এক বিবৃতিতে কলম্বিয়ার সেনাবাহিনী জানিয়েছে, মাদক পাচারের মতো অবৈধ অর্থনীতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে গোষ্ঠী দুটির মধ্যে লড়াই শুরু হয়েছে।

এই লড়াইয়ের কারণে ১২টি পরিবার বাস্তুচ্যুত হয়েছে বলে কলম্বিয়ার মানবাধিকার ন্যায়পাল জানিয়েছেন।

হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) আমেরিকা বিষয়ক জ্যেষ্ঠ তদন্তকারী হুয়ান পাপিয়ের টুইটারে দেওয়া এক বার্তায় জানিয়েছেন, ওই লড়াইয়ে অন্তত ২৪ জন নিহত হয়েছেন বলে খবর পেয়েছেন তারা। সেখানে বাস্তুচ্যুত করার ও অপহরণের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন তিনি। 

এ দিকে আরাউকার পরিস্থিতি মূল্যায়ন ও মোকাবিলার জন্য ব্যবস্থা নিতে সামরিক বাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুকে।

এর আগে ২০০০ সালের মাঝামাঝি আরাউকায় এফএআরসি ও ইএলএনের মধ্যে লড়াই শুরু হওয়ার পর তা ভেনেজুয়েলার আপুরে রাজ্যেও ছড়িয়ে পড়েছিল। ২০১০ সালে থামে এ লড়াই। 

এইচআরডব্লিউর তথ্য অনুযায়ী, ১০ বছরেরও বেশি সময় ধরে চলা ওই লড়াইয়ে ৫৮ হাজার লোক বাস্তুচ্যুত হয় এবং কমপক্ষে ৮৬৮ জন বেসামরিক নিহত হন।