টেক্সাসে মৎস্যবৃষ্টি! প্রত্যক্ষদর্শীরা অবাক (ভিডিও)

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম অঙ্গরাজ্য টেক্সাসে বিস্ময়কর বৃষ্টিপাতের ঘটনার খবর পাওয়া গিয়েছে। টেক্সাসের পূর্বাঞ্চলীয় শহর টেক্সারকানার অধিবাসীরা এক বিস্ময়কর ‘মৎস্যবৃষ্টির’ সাক্ষী হলেন।

মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ শহরের বাসিন্দাদের বরাত দিয়ে জানায়, টেক্সারকানা শহরে গত ৩০ ডিসেম্বর বিকেলের দিকে বৃষ্টির ফোঁটার সঙ্গে আকাশ থেকে শত শত মাছ পড়তে দেখতে পান স্থানীয়রা। মাছ ছাড়াও বৃষ্টির ফোঁটার সঙ্গে ছোট ছোট ব্যাঙ ও কাঁকড়াও ঝরে পড়ছিল।

টেক্সারকানা শহর কর্তৃপক্ষের সরকারি ফেইসবুক পেজ থেকেও ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে একটি পোস্ট করা হয়েছে।

শহরের বাসিন্দারা বলেন, সেদিন বৃষ্টিপাতের সময় বিকেলের দিকে আচমকা বিকট শব্দ শুনতে পাওয়া যায়। শব্দের উৎস খুঁজতে বাইরে বের হলে আকাশ থেকে মাছ পড়তে দেখেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ওই বিস্ময়কর মৎস্যবৃষ্টির ভিডিও পোস্ট করেছেন টেক্সারকানার অধিবাসীদের কয়েকজন।

টেক্সারকানা শহর কর্তৃপক্ষের ফেইসবুক পোস্টে বলা হয়, ২০২১ তার ঝুলি থেকে যে সমস্ত কৌশল বের করেছে, মৎস্যবৃষ্টি তার মধ্যে অন্যতম। এমন বৃষ্টি তখনই হয়, যখন কোনো জলাশয়ের উপরিভাগে থাকা ছোট ছোট প্রাণীগুলো ঝড়ের দাপটে ভূপৃষ্ঠের ওপরে উঠে যায় এবং পরে সেগুলো বৃষ্টির সঙ্গেই বৃষ্টির আকারে পড়তে শুরু করে। এটি একটি অস্বাভাবিক ঘটনা। টেক্সারকানা শহরের বহু বাসিন্দা আজ এই ঘটনার সাক্ষী থেকেছেন।’

এমন অদ্ভুত ঘটনার সাক্ষী থাকতে পেরে প্রত্যক্ষদর্শী টেক্সারকানাবাসীরাও অবাক।