জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুই ব্যাটারিচালিত রিকশার সংঘর্ষে এক ছাত্রী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর নাম পূজা মজুমদার। তিনি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের তৃতীয় বর্ষের (৪৭তম ব্যাচ) শিক্ষার্থী। তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে একটি ব্যাটারিচালিত রিকশায় করে বিশমাইলের দিক থেকে আসছিলেন পূজা। শিক্ষক ক্লাবের সামনে দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ব্যাটারিচালিত রিকশা তার রিকশাকে ধাক্কা দেয়। এতে পূজার রিকশাটি উল্টে যায়। রিকশা থেকে পড়ে তিনি মাথা, কাঁধ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।
পরে তাকে সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে পূজাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ভিজিটিং কনসালটেন্ট অধ্যাপক সোহেল আহমেদ বলেন, ‘ওই রোগীকে আইসিইউতে রাখা হয়েছে। তার মাথার খুলিতে গুরুতর জখম আছে। এজন্য আগামীকাল (বুধবার) অস্ত্রোপচার করা হবে। পর্যায়ক্রমে আরও অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) জেফরুল হাসান চৌধুরী বলেন, ‘দুটি অটোরিকশার গতি বেশি ছিল। ওই ছাত্রীর রিকশাকে ধাক্কা দেওয়ার পর অপর রিকশাওয়ালা রিকশাসহ সেখান থেকে পালিয়ে যায়। আমরা তাকে খুঁজে বের করার চেষ্টা করছি।’
তিনি বলেন, ‘ক্যাম্পাস খোলার পর থেকেই ব্যাটারিচালিত রিকশাগুলোকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহযোগিতা প্রয়োজন।’