মঙ্গলবার দুপুরে রাজধানীর পাঁচ তারকা হোটেল র্যাডিসন ওয়াটার গার্ডেনে ঘনিষ্ঠ মানুষদের সান্নিধ্যে বিয়ের আয়োজন সম্পন্ন করেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। বর তার দীর্ঘদিনের বন্ধু সনি পোদ্দার। এর আগের দিন সন্ধ্যায় মিমের গায়ে হলুদ অনুষ্ঠান হয়।
মিমের বিয়েতে নিমন্ত্রিত একজন অতিথি দেশ রূপান্তরকে বলেন, ‘খুব অল্প লোক উপস্থিত ছিলেন মিমের বিয়েতে। বিশেষ করে তার ঘনিষ্ঠ মানুষদেরকেই দাওয়াত দিয়েছিলেন তিনি।’
জানা যায়, দুপুরের দিকে সনাতন ধর্মের রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন মিম। এ সময় দুই পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন মিমের ঘনিষ্ঠ মিডিয়া ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে মিম পরেছেন লাল পোশাক, সনি পরেছেন গোলাপি পোশাক।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে ছিল খাবার পর্ব। এ পর্বে বুফে খাবার পরিবেশন করা হয়। খাবারের তালিকায় ছিল মোরগ পোলাও, রোস্ট, নান, মাটন, ফিস ফ্রাই, নানা রকম ডেজার্ট আইটেম, রস মালাই রসগোল্লা, ভেজিটেবলসহ নানা পদের খাবার ছিল।
বিয়েতে শোবিজের একাধিক পরিচালক, শিল্পী ও তার ঘনিষ্ঠজন উপস্থিত ছিলেন। অতিথি তালিকায় আছেন অভিনেত্রী রুনা খান, সাফা কবির, ফারিয়া শাহরিন, অভিনেতা সজল, গায়িকা কোনাল, নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ, প্রযোজক শাহরিয়ার শাকিল, উপস্থাপক রুম্মান রশিদ খানসহ আরও অনেকে।
গেল বছর জন্মদিনের সন্ধ্যায় (১০ নভেম্বর) বাগদানের খবর দিয়ে বিদ্যা সিনহা মিম জানান, তার হবু স্বামীর নাম সনি পোদ্দার। বাড়ি কুমিল্লা; পেশায় তিনি ব্যাংকার। বর্তমানে সিটি ব্যাংকে কর্মরত। ছয় বছর আগে এক বান্ধবীর মাধ্যমে সনি ও মিমের পরিচয়। তার পর প্রেম। মিমের বর সনি পোদ্দার দেশের শীর্ষস্থানীয় একটি ব্যাংকের সঙ্গে যুক্ত আছেন। ছয় বছরের প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা।
২০০৭ সালে সুন্দরী প্রতিযোগিতার মুকুট জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন বিদ্যা সিনহা মিম। পুরস্কার হিসেবে হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয়ের সুযোগ পান তিনি। এর সিনেমায় দীর্ঘ বিরতি নিলেও বিজ্ঞাপন ও নাটকে ছিলেন অন্যতম প্রধান মুখ।
বর্তমানে সিনেমাই মিমের ধ্যানজ্ঞান। তার হাতে রয়েছে আবু রায়হান জুয়েলের ‘পথে হলো দেখা’, রায়হান রাফীর ‘ইত্তেফাক’ ও দীপঙ্কর দীপনের ‘অন্তর্জাল’। মুক্তির অপেক্ষায় রয়েছে রায়হান রাফী পরিচালিত ‘দামাল’ ও ‘পরাণ’।
সবশেষ বিদ্যা সিনহা মিম অভিনীত মুক্তি পাওয়া সিনেমা ‘সাপলুডু’। মুক্তির অপেক্ষায় আছে ‘পরাণ’ শিরোনামের একটি সিনেমা। এ ছাড়া ‘অন্তর্জাল’ ও ‘দামাল’ সিনেমার শুট করেছেন তিনি।