আইন ছাড়া গঠিত নির্বাচন কমিশন (ইসি) প্রশাসনের আজ্ঞাবহ হয়ে যায় উল্লেখ করে বাংলাদেশের সাম্যবাদী দল রাষ্ট্রপতির সংলাপে গিয়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন সরকারের প্রস্তাবও দিয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে আয়োজিত সংলাপে অংশ নিয়ে পাঁচ দফা প্রস্তাব দিয়েছে সাম্যবাদী দল। দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল সংলাপে অংশ নেয়।
সংলাপে রাষ্ট্রপতির কাছে লিখিত পাঁচ দফা প্রস্তাব দিয়েছে সাম্যবাদী দল। এর মধ্যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি নির্বাচনকালীন সরকার গঠন করাই শ্রেয় বলে মত দিয়েছে দলটি।
এছাড়া তারা আরও বলেছে, আইন ছাড়া গঠিত নির্বাচন কমিশন (ইসি) প্রশাসনের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়। সার্চ কমিটির মাধ্যমে গঠিত ইসি জনগণের মধ্যে কোনো আবেদন সৃষ্টি করতে পারে না বলেও মনে করে দলটি। তবে এবার সাংবিধানিক সংস্থাগুলোর মাধ্যমে সার্চ কমিটি গঠনের পক্ষেই প্রস্তাব দিয়েছেন দলের নেতারা।
এদিকে, এদিন সন্ধ্যা সাতটায় সময় নির্ধারিত থাকলেও পূর্বঘোষণা অনুযায়ী রাষ্ট্রপতির সংলাপে অংশ নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজধানীর পুরানা পল্টনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছিলেন, জন-আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে আবেদনহীন ও তাৎপর্যহীন সংলাপে অংশ নেওয়া তারা সংগত মনে করেন না।