হাসপাতাল থেকে চুরির ২২ ঘণ্টা পর নবজাতক উদ্ধার

দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। চুরি যাওয়ার ২২ ঘণ্টা পর গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের জয়দেবপুর শাহাপাড়া গ্রাম থেকে নবজাতককে উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয়েছে শিউলি আরা (২৬) নামে এক গৃহবধূকে। শিউলি শাহাপাড়া গ্রামের মোস্তাফিজার রহমানের স্ত্রী।

জানা যায়, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার কারেন্টহাট এলাকার আবদুল লতিফের স্ত্রী জায়েদা বেগম (৩৬) গত সোমবার সকালে দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণ পরেই একটি মেয়ে সন্তানের জন্ম দেন। দুপুরের দিকে বোরখা পরিহিত শিউলি কৌশলে নবজাতককে নিয়ে পালিয়ে যায়।