১৮৫ কোটি টাকা আত্মসাৎ

রূপালী ব্যাংকের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট

রেলওয়ের জমি বন্ধক দেখিয়ে প্রায় ১৮৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম ফরিদ উদ্দিনসহ ছয় ঊর্ধ্বতন কর্মকর্তা ও তিন ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের নিয়মিত বৈঠকে এ অভিযোগপত্রে অনুমোদন দেওয়া হয়।

অভিযোগপত্রে অন্য আসামিরা হলেন রূপালী ব্যাংকের সাবেক ডিএমডি কাজী মো. নেয়ামত উল্লাহ, রূপালী সদন করপোরেট শাখার সাবেক শাখাপ্রধান মো. সিরাজ উদ্দিন, ব্যাংকের উপমহাব্যবস্থাপক ও সাবেক প্রিন্সিপাল অফিসার মো. কামাল উদ্দিন, সাবেক ডিজিএম সৈয়দ আবুল মনসুর, সহকারী মহাব্যবস্থাপক ও সাবেক প্রিন্সিপাল অফিসার আবু নাছের মো. রিয়াজুল হক, এইচআর স্পিনিং মিলের এমডি মো. হাবিবুর রহমান, চেয়ারম্যান শাহিন রহমান ও পরিচালক মো. মাসুদুর রহমান। এ মামলায় ব্যাংকের শিল্পঋণ বিভাগের এজিএম মনোরঞ্জন দাসকে আসামি করা হলেও অভিযোগপত্রে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক জানান, শিগগিরই দুদকের সহকারী পরিচালক সাইফুল ইসলাম আদালতে এ অভিযোগপত্র দাখিল করবেন।