আ.লীগ কখনই সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে না : রিজভী

আওয়ামী লীগ কখনই সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘গণতন্ত্র হরণ আওয়ামী লীগের ডিএনএতে মিশে আছে। দুর্নীতি, সন্ত্রাস, গণতন্ত্র হত্যা,  ভোটাধিকার হরণ, আওয়ামী লীগের ইতিহাসে নতুন নয়।’ গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘অংশগ্রহণমূলক নির্বাচনী সংস্কৃতি আওয়ামী লীগ কখনই পাত্তা দেয় না। জনগণের ক্ষমতার প্রতি অবিশ্বাসী আওয়ামী লীগ। তারা মানুষের  ভোটাধিকার হরণ করতে পরিকল্পিতভাবে ২০১১ সালে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দিয়েছিল।’