চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণের আগের রাতে আজিজুল হক চৌধুরী বাবুল নামে এক সদস্য প্রার্থীর আকস্মিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে নিজ বাড়িতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
বাবুল ৪ নম্বর বটতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে (পূর্ব বরৈয়া) সাধারণ সদস্য পদে তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
বিষয়টি নিশ্চিত করে বাবুলের ভাই কওসারুল হক চৌধুরী জানান, ভোটের মাঠে প্রচার-প্রচারণা চালালেও হঠাৎ ভোট গ্রহণের আগেই তিনি মারা যান। এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইয়েদ মো. আনোয়ার খালেদ বলেন, এটা দুঃখজনক ঘটনা। তবে তার মৃত্যুতে ওই পদে নির্বাচন অনুষ্ঠানে আইনত কোনো বাধা নেই।
‘ইউপি নির্বাচনে সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে কোনো প্রার্থীর মৃত্যুর পর দুইয়ের অধিক প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা থাকলে ভোটগ্রহণে আইনত বাধা থাকে না। যদি ওই প্রার্থী নির্বাচিত হন তাহলে সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।’