সপরিবার করোনাভাইরাসে আক্রান্ত বলিউড গায়ক সোনু নিগম। টুইট করে নিজেই এ কথা জানিয়েছেন। কভিডে সংক্রমিত হয়েছেন তার স্ত্রী মধুরিমা নিগম এবং ছেলে নীভমও।
বর্তমানে সোনু সপরিবার দুবাইয়ে আছেন। কয়েক দিনের মধ্যেই একটি শো-এর শুটিংয়ের জন্য ভারতে ফেরার কথা ছিল তার। কিন্তু কভিড আক্রান্ত হওয়ায় আপাতত আইসোলেশনে রয়েছেন তিনি। সোনু জানিয়েছেন, সামান্য উপসর্গ রয়েছে তার। তবে অসুস্থ বোধ করছেন না।
মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন সোনু। সেখানে তিনি বলেন, ‘আমি বর্তমানে দুবাইয়ে। দেশে ফেরার কথা ছিল। ভুবনেশ্বরে একটি রিয়্যালিটি শোয়ের শুটিংয়ের কথা রয়েছে। কিন্তু কভিড পজিটিভ ধরা পড়ায় আপাতত নিভৃতবাসেই রয়েছি। যতবার পরীক্ষা করিয়েছি, তত বারই রিপোর্ট পজিটিভ এসেছে। আমি সুস্থ আছি। কিন্তু আমার জন্য যাদের ক্ষতি হল তাদের জন্য খারাপ লাগছে।’
সম্প্রতি বহু তারকা কভিডে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন দিলানাজ ইরানি, দ্রাষ্টি ধামি, সুমনা চক্রবর্তী, একতা কাপুর, জন আব্রাহাম এবং তার স্ত্রী প্রিয়া রুঞ্চল, প্রেম চোপড়াসহ অনেকে।