বগুড়ার গাবতলীতে ইউপি নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে জাকির হোসেন (৩৫) নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের জাইগুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে এ হত্যাকাণ্ড হয়।
নিহত জাকির হোসেন জাইগুলি উত্তরপাড়ার মৃত লয়া মিয়ার ছেলে। তিনি পেশায় রঙমিস্ত্রির কাজ করতেন।
স্থানীয়রা জানান, জাকির নির্বাচনে মেম্বার প্রার্থী সাইদুল ইসলামের (টিউবওয়েল প্রতিক) সমর্থক হিসেবে কাজ করছিলেন। ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের উৎসাহিত করছিলেন সাইদুল ইসলামের টিউবওয়েল প্রতিকের কর্মী সমর্থকরা। এ সময় সেখানে আরেক মেম্বার প্রার্থী মিঠু মিয়ার (ফুটবল প্রতিক) কর্মী-সমর্থকদের সঙ্গে বিরোধ শুরু হয়। এক পর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হলে জাকির হোসেনকে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে জাকির মারা যান।
ওই ঘটনার পর ভোটকেন্দ্র ও তার আশেপাশে দু পক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আতংকে ভোটকেন্দ্রও ফাঁকা হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেম্বার প্রার্থীদের মধ্যে বিরোধের জের ধরে ভোটকেন্দ্রের বাইরে গ্রামের মধ্যে এ সহিংস ঘটনা ঘটে। এর পরপরই সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
জাকিরের মরদেহ উদ্ধার করে শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান ওসি।