কয়েকদিনের মধ্যে ফের ছিনতাইয়ের শিকার হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রী। বুধবার (৫ জানুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ৫০ গজ দূরে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। মাত্র পাঁচ দিনের ব্যবধানে এটি ছিনতাইয়ের চতুর্থ ঘটনা।
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম তাছনিমা খানম। তিনি আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। এ ঘটনায় ভুক্তভোগী ওই শিক্ষার্থী মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
তাছনিমা খানম জানান, ‘বাড়ি যাওয়ার জন্য দুপুরে রেল স্টেশনের উদ্দেশ্যে রিকশায় উঠি। মেইন গেইট পার হলে একটি বাইকে কালো হুডি পড়া দুজন আমার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ধরে টান দেয়। এতে আমি রাস্তায় পড়ে যাই। ব্যাগে আমার একটি স্যামসাং ব্রান্ডের মোবাইল ও কিছু টাকা ছিল।’
এ বিষয়ে জানতে চাইলে মতিহার থানার ওসি আনোয়ারুল ইসলাম তুহিন বলেন, ‘আমি থানার বাইরে থাকার কারণে এ বিষয়ে অবগত নই। তবে কেউ যদি অভিযোগ করে তাহলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলী বলেন, ‘ইদানিং ক্যাম্পাসে ছিনতাইয়ের ঘটনা প্রায়ই ঘটছে। ক্যাম্পাসের আওতার মধ্যে এমন ঘটনা সত্যিই দুঃখজনক। আমরা ছিনতাই ঠেকানোর জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি এবং খুব শীঘ্রই এই অভিযোগের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব।’
উল্লেখ্য, গত শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুরে এবং সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ছিনতাইয়ের শিকার হন দুই শিক্ষার্থী।