ভারতে কৃষকদের বিক্ষোভের মুখে পাঞ্জাব ফ্লাইওভারের ওপর দীর্ঘক্ষণ আটকা পড়েন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ ঘটনায় পাঞ্জাব সরকারের ওপর বেজায় ক্ষোভ প্রকাশ করেছে কেন্দ্র। এ দিন পাঞ্জাবের হুসেইনিওয়ালাতে অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল মোদীর। খবর: ডেইলি হান্ট
জানা গেছে, পাঞ্জাবের ভাতিন্দার ফ্লাইওভারের ওপর প্রায় ২০ মিনিট আটকে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গাড়ি। কৃষকেরা তার আগমনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করলে রাস্তায় তুমুল যানজট তৈরি হয়। শেষমেশ অনুষ্ঠান বাতিল করে ফ্লাইওভার থেকে বিমানবন্দরে চলে যান মোদী।
এ সময় বিমানবন্দরেই ক্ষোভ প্রকাশ করেন মোদী। সেখানে অফিসারদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে দেবেন যে, আমি প্রাণ হাতে করে এয়ারপোর্ট পর্যন্ত আসতে পেরেছি। বেঁচে আছি এই অনেক। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি পাঞ্জাব সরকার বলে অভিযোগও তুলেছেন।
এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিও দিয়েছে। বিবৃতিতে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
পাঞ্জাবের কংগ্রেসি মুখ্যমন্ত্রী চরণজিত সিং চান্নি এখনো এ নিয়ে কোনো মন্তব্য করেননি।
উল্লেখ্য, অনুষ্ঠানস্থলে আকাশপথে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। তবে, খারাপ আবহাওয়ার কারণে গাড়িতেই যেতে হয় তাকে।