সারা দিন ছোটাছুটির পর সন্ধ্যায় জানা গেল নান্নু পজিটিভ

জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে এসেছিলেন নান্নু। নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক টেস্ট জয় নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথাও বলেছেন। কিন্তু সন্ধ্যায়ই তার করোনা আক্রান্ত হওয়ার খবর এলো।

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক করোনায় আক্রান্ত হলেও কোনো উপসর্গ নেই তার।

বিসিবিতে করোনা যেন বেশ ভালোভাবেই হানা দিচ্ছে! একদিন আগে জানা যায়, সংস্থার অন্যতম পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান তানভীর আহমেদ টিটু করোনা পজিটিভ হয়েছেন। এবার সেই তালিকায় যোগ হলো নান্নুর নাম।

২০১১ সাল থেকে জাতীয় দলের নির্বাচক প্যানেলে থাকা নান্নু ২০১৬ সাল থেকে প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করছেন। ৩১ ডিসেম্বর অবশ্য তার সবশেষ চুক্তির মেয়াদ শেষ হয়েছে। আপাতত ‘অন্তর্বর্তীকালীন কমিটি’ হিসেবে তারা দায়িত্ব চালিয়ে যাচ্ছেন।