ঘুষসহ, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (ডিজি) লিয়াকত আলী লাকীকে একাডেমির আয় ও ব্যয়ের তথ্য জানাতে বলে চিঠি দিয়েছে দুদক।
বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয় থেকে এ চিঠি পাঠানো হয়। চিঠিতে আগামী ১১ জানুয়ারির মধ্যে লিয়াকত আলী লাকীকে এসব তথ্য দুদকে জমা দিতে বলা হয়েছে।
এর আগে গত সোমবার লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিসহ ভুয়া বিল ভাউচারের মাধ্যমে শত কোটি টাকা আত্মসাতসহ বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানের জন্য টিম গঠন করে দুদক।
প্রায় এক যুগ ধরে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্বে রয়েছেন লিয়াকত আলী লাকী।
তথ্য চেয়ে পাঠানো চিঠিতে দুদক বলেছে, লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিসহ ভুয়া বিল ভাউচারের মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাতসহ বিপুল পরিমাণ সম্পদ অর্জন ও বিদেশে অর্থপাচারের অভিযোগ পাওয়া গিয়েছে। এ বিষয়ে অনুসন্ধান চালাতে তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট তথ্যাদি ১১ জানুয়ারির মধ্যে সরবরাহ করতে বলেছেন দুদকের অনুসন্ধান কর্মকর্তা।