নিউজিল্যান্ডকে তাদের মাটিতেই টেস্টে হারানো বাংলাদেশ দলের প্রতিটি সদস্য ও টিম ম্যানেজমেন্টকে অভিনন্দন জানিয়েছেন সাকিব আল হাসান।
বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার পারিবারিক কারণে নিউজিল্যান্ড সফরে যাননি। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে অবস্থান করছেন তিনি।
বুধবার টাইগারদের ঐতিহাসিক জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন সাকিব। টুইটারে লিখেন, ‘কি দারুণভাবে নতুন বছর শুরু হলো বাংলাদেশ ক্রিকেটের। অধিনায়ক, খেলোয়াড় ও কোচিং স্টাফদের অনেক অভিনন্দন।’
আরেকটি স্ট্যাটাসে সাকিব লিখেন, ‘আমাদের ফাস্ট বোলাররা দুর্দান্ত পারফরম্যান্স করেছে। একইভাবে সব ব্যাটাররাও অসাধারণ খেলেছে। দিনটি উপভোগ করো। সব কৃতিত্ব তোমাদের প্রাপ্য।’
মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম টেস্টটিতে কিউইদের ৮ উইকেটে হারায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে যে কোনো ফরম্যাটেই এটি বাংলাদেশের প্রথম জয়। শুধু তাই নয়, উপমহাদেশের কোনো দল ১১ বছর পর নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারানোর কৃতিত্ব দেখাল।