আবাহনী-মোহামেডান ফাইনালের প্রত্যাশা

ফেডারেশন কাপের সবচেয়ে সফল দুটি দল আবাহনী ও মোহামেডান। আবাহনী জিতেছে সর্বোচ্চ ১১বার। আর মোহামেডানের শো-কেসে আছে ১০টি শিরোপা। এক সময়ের প্রবল প্রতিপক্ষ দুটি দলের এবার জোর সম্ভাবনা আছে ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হওয়ার। সেই ফাইনাল নিশ্চিতে দুদলকে আজ পেরুতে হবে সেমিফাইনালের হার্ডলস। কমলাপুর স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় আবাহনী মোকাবিলা করবে সাইফ স্পোর্টিং ক্লাবের। এর আগে বিকেল ৪টায় শুরু হওয়া প্রথম সেমিফাইনালে মোহামেডানের প্রতিপক্ষ রহমতগঞ্জ।