১০০ মিটারে ১১ বারের দ্রুততম মানবী শিরিন আক্তারকে হারিয়ে চমক জাগানো বিকেএসপির ছাত্রী সুমাইয়া দেওয়ান ২০০ মিটারেও সেরা হয়েছেন। শহীদ শেখ কামাল ৪৫তম জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের শেষ দিনের সব আলো কেড়ে নেন নয়া দ্রুততম মানবী সুমাইয়া। মর্যাদার দুই ইভেন্টে সেরা হয়ে বেশ খুশি ১৭ বছর বয়সের সদ্য এসএসসি পাস করা সুমাইয়া দেওয়ান, ‘প্রথমবারের মতো সিনিয়র প্রতিযোগিতায় অংশ নিয়ে দুই ইভেন্টে চ্যাম্পিয়ন হতে পেরে খুব ভালো লাগছে। সেরা হওয়ার ধারাবাহিকতাটা রক্ষা করতে চাই।’
পুরুষ ২০০ মিটারে স্বর্ণপদক জিতেছেন ১০০ মিটারে দ্বিতীয় হওয়া রকিবুল হাসান। গতকাল শেষ দিনে হয়েছে নতুন আরেকটি জাতীয় রেকর্ড। সব মিলিয়ে তিনদিনে হয়েছে তিনটি রেকর্ড। নারীদের ৩০০০ হাজার মিটার দৌড়ে নৌবাহিনীর রিংকী বিশ্বাস নতুন রেকর্ড গড়তে সময় নেন ১০:২৫.৩০ সেকেন্ড।
গত বছর তিনিই এই ইভেন্টে গড়েছিলেন রেকর্ড। তিনদিনে মোট ৪০টি ইভেন্ট সম্পন্ন হয়। ২২টি স্বর্ণপদকসহ মোট ৪৯টি পদক জিতে সেরা হয়েছে নৌবাহিনী। ১১টি স্বর্ণসহ মোট ৪২টি পদক জিতে দ্বিতীয় সেনাবাহিনী। চারটি স্বর্ণপদক জিতে আসরের সেরা পুরুষ ক্রীড়াবিদ হয়েছেন নৌবাহিনীর আসিফ বিশ্বাস। তিনটি স্বর্ণ ও একটি রুপা জিতে নারীদের মধ্যে সেরা একই সংস্থার সামসুন্নাহার রত্না।