সাতক্ষীরায় নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ ৭

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় সাতজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

আশাশুনি থানার ওসি মো. গোলাম কবির জানান, নির্বাচিত ও পরাজিত প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘটিত সহিংসতায় গুলিবিদ্ধের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলেই অবস্থান করছে।

সকালে খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামে নির্বাচিত প্রার্থী চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম ও তার সমর্থকেরা পরাজিত প্রার্থী অহিদুল ইসলামের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় অহিদুলের শটগানের গুলিতে কমপক্ষে সাতজন গুলিবিদ্ধ হন এবং এ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ সেখানে অবস্থান নেয়। উদ্ভূত সংঘর্ষের পরিপ্রেক্ষিতে পুলিশ গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পরে আহতদের নাম উল্লেখ করা যাবে।

আহতদের আশাশুনি ও সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।