যেসব দম্পতি সন্তানের পরিবর্তে প্রাণী পুষতে পছন্দ করেন তাদের সমালোচনা করেছেন পোপ ফ্রান্সিস। তাদের স্বার্থপর বলেও মন্তব্য করেন ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মীয় গুরু।
রোমের ভ্যাটিকানে সাধারণ শ্রোতাদের সামনে অভিভাবকত্ব নিয়ে আলোচনার সময় পোপ এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘আজ… এক ধরনের স্বার্থপরতার নমুনা দেখি। আমরা দেখি, কিছু লোকজন সন্তান নিতে চায় না।’
পোপ আরও বলেন, ‘অনেক সময় তারা এক সন্তান নিচ্ছেন, এবং ওইটুকুই। কিন্তু শিশুদের জায়গায় তাদের কুকুর ও বিড়াল রয়েছে। এটা হয়তো লোকজনকে হাসাতে পারে, কিন্তু এটাই সত্যিই।’
পোপের মতে, এই ধরনের চর্চা পিতৃত্ব ও মাতৃত্বকে অস্বীকার করা এবং আমাদের চরিত্রকে হ্রাস করে। মানবতাকে আমাদের কাছ থেকে দূরে ঠেলে দেয়।
পোপ পরামর্শ দেন, যারা জৈবিক বা বায়োলজিক্যাল কারণে সন্তান জন্মদানে অক্ষম তাদের দত্তক নেওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত। তিনি এ-ও আহ্বান করেন, পিতৃত্ব বা মাতৃত্ব শুরু করার জন্য ভয় না পেতে।
সন্তানের পরিবর্তে পোষা প্রাণী বেছে নেওয়াদের সমালোচনা এবারই প্রথম নয় পোপ ফ্রান্সিসের। ২০১৪ সালে তিনি জানিয়েছিলেন, সন্তানের পরিবর্তে প্রাণী পোষা ‘সাংস্কৃতিক অবক্ষয়ের আরেকটি দুর্ঘটনা’ এবং পোষা প্রাণীর সঙ্গে মানসিক সম্পর্ক পিতামাতা এবং শিশুদের মধ্যে ‘জটিল’ সম্পর্কের চেয়ে ‘সহজ’।