জোহানেসবার্গ টেস্টে ভারতকে ৭ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকা। ফলে তিন ম্যাচের সিরিজে ফিরল ১-১ সমতা।
বৃহস্পতিবার অধিনায়ক ডিন এলগারের অপরাজিত ৯৬ রানে ভর করে ভারতের দেওয়া ২৪০ রানের লক্ষ্য সহজেই ছুঁয়ে ফেলে প্রোটিয়ারা। একদিন হাতে রেখেই তুলে নেয় জয়।
বৃষ্টিতে দিনের প্রথম দুই সেশন ভেসে যায়। তৃতীয় সেশনে খেলা মাঠে গড়ালে এলগারের নৈপুণ্যে স্বাগতিকেরা জয় নিশ্চিত করে।
এলগারের ১৮৮ বলের ইনিংসে ছিল ১০ চার। রাসি ফন ডার ডুসেন খেলেন ৪০ রানের ইনিংস। তেম্বা বাভুমা ২৩ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
প্রথম ইনিংসে ভারতের ২০২ রানের বিপরীতে দক্ষিণ আফ্রিকা করেছিল ২২৯ রান। পরে ভারত তাদের দ্বিতীয় ইনিংসে ২৬৬ রান করতে পারে।
ম্যাচসেরা হয়েছেন এলগার। কেপটাউনে তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১১ জানুয়ারি থেকে।