দেশে করোনার সংক্রমণ ঊর্ধ্বগতির কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনির্দিষ্টকালের জন্য শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন। এর আগে গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রহিমা কানিজ বলেন, ‘পাঠদান বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চলবে। এ ছাড়া চলমান পরীক্ষার পাশাপাশি ব্যবহারিক ক্লাসও সশরীরে নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর প্রাধ্যক্ষ ও ডিনদের সভায় এসব বিষয়ে আলোচনা হয়। এরপরই প্রশাসনিক সভায় সিদ্ধান্তগুলো চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।