হাসপাতাল থেকে নিখোঁজ রোগীর লাশ ডোবায়

নোয়াখালী জেনারেল হাসপাতাল কোয়ার্টারের পেছনে ডোবা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম নজরুল ইসলাম পলাশ (৪৫)। তিনি হাসপাতালের ১১নং ওয়ার্ড থেকে নিখোঁজ হয়েছিলেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করা হয়। নজরুল ইসলাম পলাশ জেলার কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুরগাও গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা ছিলেন।

নজরুল ইসলাম পলাশের স্ত্রী আয়েশা বেগম জানান, গত মঙ্গলবার সকালে স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়লে পলাশকে নোয়াখালী জেনারেল হাসপাতালের ১১নং ওয়ার্ডের বি-২ বেডে ভর্তি করা হয়। ভর্তির পর বুধবার সন্ধ্যা পর্যন্ত তিনি বেডে চিকিৎসাধীন ছিলেন।

সুধারাম মডেল থানার ওসি সাহেদ উদ্দিন জানান, লাশ ধারণা করা হচ্ছে, লোকজনের অজান্তে হাসপাতাল থেকে বের হয়ে ডোবার পাশে গিয়ে সেখানে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।