করোনাভাইরাসের ওমিক্রন ধরন মোকাবিলায় যশোরের বেনাপোল বন্দরে তেমন কোনো সতর্কতা নেই বন্দর কর্তৃপক্ষের। বন্দরের পক্ষ থেকে ভারতীয় ট্রাকচালক ও হেলপারদের স্বাস্থ্য পরীক্ষারও ব্যবস্থা নেই। ফলে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে বেনাপোল বন্দরে কর্মরত প্রায় ১০ হাজার শ্রমিক-কর্মচারী ও ব্যবসায়ীরা।
দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে ভারত থেকে প্রতিদিন অন্তত ১ হাজার ট্রাকচালক ও হেলপার আসা-যাওয়ায় থাকেন। সরেজমিনে দেখা গেছে, ভারতীয় এসব চালক ও হেলাপার মাস্ক ব্যবহার করেন না। চালক ও হেলপারদের স্বাস্থ্য পরীক্ষারও কোনো উদ্যোগ নেই বন্দরে। দেখা গেছে, ভারতীয় ট্রাকচালক ও হেলপাররা বন্দরের বাইরে বেনাপোল বাজারে যাতায়াত করছেন অবাধে।
ভারত থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে না। শুধু করোনা নেগেটিভ সার্টিফিকেট দেখে যাত্রীদের ছেড়ে দিচ্ছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
তবে বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক আবদুল জলিল দাবি করেন, ওমিক্রন মোকাবিলায় সরকারি নির্দেশনা মেনেই বন্দরের কার্যক্রম চলছে।