করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় সতর্ক থাকতে সারা দেশের পুলিশ সদস্যদের ২১ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। গত বুধবার এআইজি (অপারেশনন্স-২) মোহাম্মদ উল্ল্যা স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি পুলিশের সবকটি ইউনিটিতে পাঠানো হয়েছে।
পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) নির্দেশে করোনাভাইরাস প্রতিরোধ করতে ঊর্ধ্বতন কর্মকর্তারা কয়েক দফা বৈঠক করেন। ওইসব বৈঠকে বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে : প্রত্যেক সদস্যকে ডিউটিকালে মাস্ক, গ্লাভস, হেডকভার, ফেসশিল্ড পরিধান করা, কিছু সময় পরপর হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, কডিড-১৯ উপসর্গ দেখা দিলে আইসোলেশন সেন্টারে রেখে চিকিৎসার ব্যবস্থা করা, প্রত্যেক পুলিশ সদস্যকে ভ্যাকসিন গ্রহণ করা, পুলিশের সকল ইউনিটে ‘নো মাস্ক নো সার্ভিস’ এবং ‘নো মাস্ক নো এন্ট্রি’ নির্দেশনা প্রতিপালন করা, সকল ক্ষেত্রে শারীরিক দূরত্ব, হাঁচি-কাশির শিষ্টাচার ও স্বাস্থ্যবিধি মেনে চলা, সেবাগ্রহীতা ও দর্শনার্থীদের পুলিশ স্থাপনায় প্রবেশের ক্ষেত্রে শরীরের তাপমাত্রা নির্ণয় ও হাত ধোয়া বা স্যানিটাইজ নিশ্চিত করা, প্রত্যেক পুলিশ সদস্যের ব্যক্তিগত স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী (মাস্ক, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি) ব্যবহার নিশ্চিত করা, অপারেশনাল কাজে ব্যবহৃত অস্ত্র, হ্যান্ডকাফ, রায়ট গিয়ার, হ্যান্ডমাইক, মেটাল ডিটেক্টর, আর্চওয়ে ইত্যাদি যথাযথভাবে জীবাণুমুক্ত করা, ডিউটি শেষে আবাসস্থলে প্রবেশের পূর্বে ইউনিফর্ম ও জুতা ভালোভাবে জীবাণুমুক্ত করা এবং সাবান দিয়ে গোসল করা, ডাইনিং রুম, ক্যান্টিন, বিনোদন কক্ষ, রোল কল, ডিউটিতে যাওয়ার পূর্বে ও ডিউটি হতে ফেরার পরে, সমাবেশস্থলে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যসুরক্ষা সামগ্রীর ব্যবহার নিশ্চিত করতে হবে।