র‌্যাবের অভিযানে ৮ আগ্নেয়াস্ত্রসহ চার রোহিঙ্গা আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গহিন অরণ্যে অভিযান চালিয়ে চার রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে দেশি-বিদেশি ৮টি অস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার ভোররাতে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রুর গহিন অরণ্যে সন্ত্রাসীদের অবস্থানের কথা জানতে পেরে অভিযানে যায় র‌্যাব।

এ সময় মাটিতে পুঁতে রাখা আটটি অস্ত্র উদ্ধারসহ চার রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হয় তারা।

আটককৃতরা হলেন- উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১ এর মৃত আশুক জামানের ছেলে মোহাম্মদ নুর (৩২), একই ক্যাম্পের বাসিন্দা ইমাম হোসেনের ছেলে নাজিম উল্লাহ (৩৪), উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প-১৩ এর বাসিন্দা ছৈয়দুল ইসলামের ছেলে মোহাম্মদ আমান উল্লাহ (২৩) ও উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবদুর সবুর ছেলে খায়রুল আমিন (১৯)।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক তানভীর হাসান জানান, নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রুর গহিন অরণ্যে সন্ত্রাসীদের অবস্থানের কথা জানতে পেরে অভিযানে যায় র‌্যাব।

এ সময় চার সন্ত্রাসীকে আটক করা হয়। পরে সেখানে মাটিতে পুঁতে রাখা দুটি বিদেশি পিস্তল ও ৬টি দেশে তৈরি অস্ত্রসহ বেশকিছু গোলাবারুদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।