দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ভাষণ রাখছেন প্রধানমন্ত্রী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর সরকারের বর্তমান মেয়াদের তিন বছর পূর্তিতে জাতির উদ্দেশে রাখা ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে তার এই ভাষণ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে সরাসরি প্রচার করা হচ্ছে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আছে আওয়ামী লীগ। ২০১৯ সালের ৭ জানুয়ারি নতুন সরকার গঠন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে টানা এতদিন ক্ষমতায় থাকার রেকর্ড কারও নেই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিতে এসে শুরুতে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আমি দেশবাসীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনাদের খ্রিস্টীয় নতুন বছর ২০২২-এর শুভেচ্ছা।

প্রধানমন্ত্রী ভাষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ এবং ২ লাখ নির্যাতিত মা-বোনের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন, মুক্তিযোদ্ধাদের প্রতি সশ্রদ্ধ সালাম জানান।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট ঘাতকদের হাতে নিহত পরিবারের সদস্যদের কথাও প্রধানমন্ত্রী স্মরণ করেন। এছাড়া ২০০৪ সালের ২১ অগাস্ট গ্রেনেড হামলাসহ বিভিন্ন সময়ে হত্যাকাণ্ডের শিকার আওয়ামী লীগ নেতাকর্মীদের কথা স্মরণ করেন দলের সভাপতি শেখ হাসিনা।

২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত সময়ে বিএনপি-জামায়াত জোটের ‘অগ্নি সন্ত্রাসে’ যাদের প্রাণ গেছে, তাদের স্মরণ করার পাশাপাশি আহত ও স্বজনহারা পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিসহ যারা মারা গেছেন, তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী।