আবৃত্তি পরিবেশন, সম্মাননা ও প্রণোদনা প্রদান এবং বইয়ের মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে প্রতিষ্ঠার চতুর্থ বর্ষপূর্তি উদযাপন করেছে আবৃত্তি সংগঠন ‘বাংলা আমার’। গতকাল শুক্রবার সকালে রাজধানীর গণগ্রন্থাগার অধিদপ্তরের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে অধ্যাপক নিরঞ্জন অধিকারীকে ‘বাংলা আমার সম্মাননা ২০২২’ এবং পলি পারভীনকে ‘বাংলা আমার প্রণোদনা ২০২২’ প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে ‘বোধ’ ও ‘পরশমণি’ শিরোনামে দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। আয়োজকরা জানায়, দেশের আবৃত্তি চর্চায় অনেক বছর ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন অধ্যাপক নিরঞ্জন অধিকারী। তিনি একাধারে যেমন শিক্ষক, অন্যদিকে তার গবেষণামূলক কাজ দেশের সংস্কৃতিকে নতুন পথ দেখিয়েছে। এজন্য এই গুণিজনকে এবার ‘বাংলা আমার সম্মাননা ২০২২’ প্রদান করা হয়।