দুই গারো স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার মূল আসামি গ্রেপ্তার

ময়মনসিংহের হালুয়াঘাটে গারো সম্প্রদায়ের দুই কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের মামলার মূল আসামি রিয়াদ গ্রেপ্তার হয়েছেন।

শনিবার র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালকের পক্ষ থেকে মূল আসামি রিয়াদের গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে দুপুরে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে র‌্যাব জানিয়েছে।

পুলিশ জানায়, ২৭ ডিসেম্বর রাতে প্রতিবেশীর বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কাটাবাড়ি গ্রামে দুই কিশোরীকে আটকে হত্যার ভয় দেখিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করেন কিছু তরুণ। পরে ৩০ ডিসেম্বর ধর্ষণের শিকার হওয়া এক কিশোরীর বাবা বাদী হয়ে হালুয়াঘাট থানায় একটি মামলা করেন।

মামলায় ১০ জনকে আসামি করা হয়। মামলার পর আসামিদের গ্রেপ্তার করতে স্থানীয় বাসিন্দারা একাধিকবার মানববন্ধন ও প্রতিবাদ করে আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।