নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
শনিবার ভোরে হাপানিয়া সীমান্তের ২৩৬ নম্বর পিলারে ভারতের অভ্যন্তরে ‘নো-ম্যান্স ল্যান্ডে’ এ ঘটনা ঘটে।
নিহত যবকের নাম মকবুল হোসেন (৩০)। তিনি উপজেলার গোয়ালা ইউনিয়নের কৃষ্ণসদা পূর্বপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে। তিনি সীমান্তে গরু ব্যবসা করতেন বলে জানা গেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার হাপানিয়া সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতের অভ্যন্তরে গরু আনতে যায় মকবুলসহ বেশ কয়েকজন গরু ব্যবসায়ী। শনিবার ভোরে গরু নিয়ে বাংলাদেশে ফেরার পথে ২৩৬ পিলারে ‘নো-ম্যান্স ল্যান্ডে’ তাদের লক্ষ্য করে গুলি চালান পান্নাপুর ৬৯ বিএসএফ সদস্যরা। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান মকবুল হোসেন।
১৬ বিজিবি সাপাহার হাপানিয়া ক্যাম্পের কমান্ডার আব্দুল আজিজ জানান, বাংলাদেশি নাগরিক মকবুল হোসেনের মরদেহটি ভারতীয় কাঁটাতারের প্রাচীর ঘেঁষে নো-ম্যান্স ল্যান্ডের ভারত ভূখণ্ডে পড়েছিল। এ বিষয়ে পান্নাপুর বিএসএফ ক্যাম্পের সঙ্গে পতাকা বৈঠকের জন্য আহ্বান করা হয়েছে।