গত ২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় এই প্রথমবারের মতো একদিনে শনাক্তের সংখ্যা ১ লাখ ছাড়ালো।
শনিবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিশ্বে উচ্চ হারে টিকা নেওয়া দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়া অন্যতম হলেও আজ দেশটিতে দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ১৬ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে।
সংক্রামক রোগ বিশেষজ্ঞ রবার্ট বয় বলেছেন, ওমিক্রনের কারণে শনাক্ত সংখ্যা শিগগির আরও বাড়বে।
অস্ট্রেলিয়ার ৮টি রাজ্যের মধ্যে আজ সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ভিক্টোরিয়ায়। এ রাজ্যে ৫১ হাজার ৩৫৬ জনের করোনা শনাক্ত হয়। গতকাল এই সংখ্যা ছিল ২২ হাজার। আজ ভিক্টোরিয়ায় ৯ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি আছেন ৬৪৪ জন।
ভিক্টোরিয়ার স্বাস্থ্যমন্ত্রী মার্টিন ফোলি বলেছেন, 'আজকের শনাক্তের সংখ্যা প্রমাণ করছে কমিউনিটিতে কি সংখ্যায় কোভিড-১৯ সংক্রমণ হচ্ছে।'
নিউ সাউথ ওয়েলসে আজ আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৯৮ জন। ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ১ হাজার ৮০০ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। নিবিড় পরিচর্যায় আছেন ১৪৫ জন।
আজ থেকে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত নিউ সাউথ ওয়েলস রাজ্যে সব পাব, নাইটক্লাব, বার ও আতিথেয়তার স্থানগুলোতে কোনও গান ও নাচের অনুমতি থাকবে না।
রাজ্যের মুখ্যমন্ত্রী ডমিনিক পেরোটেট বলেছেন, 'ক্রমবর্ধমান ওমিক্রনের আঘাত মোকাবিলা করতে এই বিধিনিষেধ।'
তাসমানিয়ায় আজ একদিনে ২ হাজার ২২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। অন্যান্য রাজ্যগুলোর মধ্যে কুইন্সল্যান্ডে ১১ হাজার ১৭৪ জনের, সাউথ অস্ট্রেলিয়া ৪ হাজার ২৭৪ জনের এসিটিতে ১ হাজার ৩০৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
দেশটির সাবেক প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল সংক্রমিত হয়ে আইসোলেশনে আছেন। করোনায় আক্রান্ত হয়েছেন ফেডারেল ট্রেজারার জশ ফ্রাইডেনবার্গ, বিরোধী দলীয় সংসদ সদস্য অ্যান্ড্রু জাইলস।