পীরগঞ্জে নীলগাই উদ্ধার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্থানীয়দের হাতে আটক একটি পুরুষ নীলগাই উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শুক্রবার বিকালে উপজেলার বৈরচুনা সীমান্তের দক্ষিণ মাধবপুর চৌরাস্তায় জনতা গাইটিকে আটক করে। পরে বিজিবি সদস্যরা প্রাণীটিকে জনতার কাছ থেকে উদ্ধার বৈরচুনা ক্যাম্পে নিয়ে যায়।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে একটি পুরুষ নীল গাই ভারত থেকে বৈরচুনা ইউনিয়নের জগন্নাথপুর শালবন দিয়ে বাংলাদেশ এলাকায় ঢুকে পড়ে। জনতা গাইটিকে ধরার জন্য ধাওয়া করে। জনতার তাড়া খেয়ে প্রাণীটি দৌড়ে দক্ষিণ মাধবপুর চৌরাস্তায় এলে লোকজন ঘিরে ফেলে। এক পর্যায়ে নীলগাইটিকে আটক করে রশি দিয়ে বেঁধে ফেলে স্থানীয়রা। পরে খবর পেয়ে বিজিবির বৈরচুনা ক্যাম্পের সদস্যরা এসে নীল গাইটিকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়।

বিজিবির বৈরচুনা ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার তুষার জানান, ‘জনতার হাতে আটক পুরুষ নীলগাইটি উদ্ধার করে ক্যাম্পে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’