গাজীপুরে তরুণী ও যুবকের ঝুলন্ত লাশ

গাজীপুর মহানগরীর জাঝর উত্তরপাড়া এলাকার এক তরুণী ও যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার কারা হয়েছে। গতকাল শনিবার বিকালে এলাকার ডা. মো. শাহিন মিয়ার ভাড়াবাড়ি থেকে সিলিংফ্যানের সঙ্গে একই ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো জোড়া লাশ উদ্ধার করা হয়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং একসঙ্গে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহতরা হলো গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বেতয়া গ্রামের মো. মিজানুর রহমানের মেয়ে ও স্থানীয় মোটেক সোয়েটার ফ্যাক্টরির মেডিকেল অ্যাসিস্ট্যান্ট লিমা রহমান (২৫) ও সিলেট সদরের বোরাইয়া এলাকার রঞ্জিত চৌধুরীর ছেলে ও সিগমা ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক রজত কান্তি চৌধুরী (৩৭)।

গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, মেডিকেল অ্যাসিস্ট্যোন্ট লিমা আক্তার এক সময় গাজীপুর শহরের সিগমা ডায়াগনস্টিক সেন্টারে নার্সের চাকরি করতেন। সেখানে চাকরি করা অবস্থায় ওই ডায়াগনস্টিক সেন্টারের মালিক রজত কান্তির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের সম্পর্কের বিষয়ে জানাজানি হলে লিমা সেখান থেকে চাকরি ছেড়ে দিয়ে গাছা এলাকা এলাকার মোটেক সোয়েটার কারখানার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি নেন। গত এক মাস আগে লিমা গাজীপুর মহানগরীর জাঝর উত্তরপাড়া একটি ভাড়া বাসায় ওঠেন।