সন্দেহজনক ২০০ কোটি টাকা লেনদেন

সস্ত্রীক জাপা নেতা রুহুল আমিনকে দুদকে তলব

বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রায় ২০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের বিষয়ে জানতে জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার এবং তার স্ত্রী সংসদ সদস্য নাসরিন রত্নাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের সেগুনবাগিচার প্রধান কার্যালয়ের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. মাসুদুর রহমান এক নোটিসে আগামীকাল সোমবার তাদের হাজির হতে বলেছেন।

নোটিসে বলা হয়, গত ১০ নভেম্বর রুহুল আমিন হাওলাদারের আবেদনের পরিপ্রেক্ষিতে বক্তব্য দেওয়ার জন্য তাকে দুই মাস সময় দেওয়া হয়। এ সময় শেষ হওয়ায় তাকে কমিশনে উপস্থিত হয়ে অনুসন্ধানকারী কর্মকর্তার কাছে বক্তব্য দিতে হবে।

দুদক সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের নজরদারিতে রুহুল আমিন ও নাসরিন রত্নার নামে বিভিন্ন ব্যাংক হিসাবে প্রায় ২০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন ধরা পড়ে।