কুতুবদিয়ায় ডেন্টিস্ট স্বামীর নির্যাতনে স্ত্রী হাসপাতালে

কক্সবাজার জেলার কুতুবদিয়ায় ডেন্টিস্ট স্বামী রজিউল্লাহ রজির অমানুষিক নির্যাতনে স্ত্রী এখন হাসপাতালে কাতরাচ্ছে। দু’দিন আগে স্বামী বেধড়ক পিটিয়ে স্ত্রীকে ফেলে গা ঢাকা দিয়েছেন।

শনিবার সকালে প্রতিবেশীরা উদ্ধার করে আহত অবস্থায় সালেহা বেগমকে (৩২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান।

সালেহা বেগম কুতুবদিয়ায় ‘আমার বাড়ি-আমার খামার’ প্রকল্পে চাকরি করেন। তার বাবার বাড়ি কৈয়ারবিল পরান সিকাদার পাড়ায়।

ডেন্টিস্ট রজিউল্লাহ রজি দক্ষিণ ধুরুং শাহরুম সিকদার পাড়ার শামসুল আলমের ছেলে। তিনি বর্তমানে কুতুবদিয়া প্রাণীসম্পদ অধিদপ্তরে ভেটেরিনারি ফিল্ড অ্যাসিসটেন্স হিসেবে শিক্ষানবিশকালীন প্রশিক্ষণে রয়েছেন।

নির্যাতিতার ভাই শফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে তার ভগ্নিপতি ডেন্টিস্ট রজিউল্লাহ একই এলাকায় পরকীয়ার জেরে তার বোনকে নির্যাতন চালিয়ে আসছেন।

সংসারে দুটি ছেলে থাকায় সকল নির্যাতন সহ্য করছিলেন তিনি। দুদিন আগে বেধড়ক পিটিয়ে ঘরে ফেলে রেখে স্বামী পালিয়ে যান। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আজমগীর মাতবর ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্যাতিতা নারীকে আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দিয়েছেন বলে জানান।