করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীর তৃতীয় ঢেউ শুরু হয়েছে ভারতে। দেশটিতে দেড় লাখ ছাড়িয়ে গেছে দৈনিক রোগী শনাক্ত।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রবিবারের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৬৩২ জন। এর মধ্যে ওমিক্রনে আক্রান্ত ৩ হাজার ৬২৩ জন।
শনিবারের তুলনায় আক্রান্ত বেড়েছে ১২ শতাংশেরও বেশি। একই সঙ্গে সংক্রমণের হারও লাফিয়ে বাড়ছে।
রিপোর্ট অনুযায়ী, আক্রান্তের হার বেড়ে হয়েছে ১০.২১ শতাংশ। ২ জানুয়ারি এই হার ছিল ৩ শতাংশের নীচে।
ভারতের মহারাষ্ট্রে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে আক্রান্ত হয়েছেন ৪১ হাজারের বেশি মানুষ।
এরপরই রয়েছে দিল্লি। ২০ হাজার ১৮১ জন কোভিড আক্রান্ত হয়েছেন রাজধানীতে যা গত বছরের মে মাসের পর দৈনিক আক্রান্তের হিসাবে সর্বোচ্চ।
পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮০২ জন। একই সময়ে মারা গেছেন ১৯ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৫৫২ জন। এ নিয়ে দেশটিতে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়ে গেছে। ওমিক্রন সংক্রমণে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এই রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯ জন।