টেস্টে আরেকটি সেঞ্চুরির দ্বারপ্রান্তে ডেভন কনওয়ে। বাংলাদেশের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিনে এক রান নিলেই তৃতীয় সেঞ্চুরির দেখা পাবেন তিনি।
তার আগের দুটি সেঞ্চুরির একটিকে নিয়ে গেছেন ডাবলে। গত জুনে লর্ডসে অভিষেক টেস্ট খেলতে নেমেই ২০০ রানের ইনিংস খেলেন নিউজিল্যান্ড ব্যাটার।
টেস্ট অভিষেকেই ডাবল সেঞ্চুরি করা সপ্তম ক্রিকেটার তিনি। এবার বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন ব্যাট করতে নেমে আরেকটি কীর্তি গড়লেন কনওয়ে।
টেস্ট ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে প্রথম পাঁচ টেস্টের প্রথম ইনিংসের প্রত্যেকটিতে ৫০ ঊর্ধ্ব রান করার রেকর্ড গড়লেন তিনি। লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ২০০, একই দলের বিপক্ষে এজবাস্টনে ৮০, সাউদাম্পটনে ভারতের বিপক্ষে ৫৪ ও বাংলাদেশের বিপক্ষে মাউন্ট মঙ্গনুইতে ১২২ রানের পর এবার ক্রাইস্টচার্চে ৯৯ রানে ব্যাট করছেন কনওয়ে।
ক্রাইস্টচার্চে চমৎকার এক দিন কাটল নিউজিল্যান্ডের। প্রথম দিনে মাত্র এক উইকেট হারিয়ে ৩৪৯ রান করেছে কিউইরা। ওপেনার টম লাথাম ১৮৬ ও কনওয়ে ৯৯ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করবেন।