নৌকার ওপর ভেঙে পড়ল পাহাড়, নিহত ৫ পর্যটক, নিখোঁজ ২০ (ভিডিও)

বিপদ কখন ঘনিয়ে আসে কেউ বলতে পারে না। সৌন্দর্য উপভোগ করতে গিয়ে মাথার ওপর পাহাড়ের একাংশ ভেঙে পড়ে হ্রদের পানিতে ডুবে গিয়ে মারা গেলেন পাঁচ পর্যটক। এ ঘটনায় আহত ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, নিখোঁজ রয়েছেন ২০ জন।

ব্রিটিশ গণমাধ্যম দা গার্ডিয়ান জানায়, ভয়ানক এই ঘটনাটি ঘটেছে ব্রাজিলের ফুরনাস হ্রদে। এই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফুরনাস হ্রদ পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। পাহাড় গা বেয়ে নেমে আসা ঝরনা, গুহা ইত্যাদির জন্যই এই জায়গায় বহু পর্যটক ভিড় করেন।

শনিবার ফুরনাস হ্রদে নৌকায় চেপে সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলেন দর্শনার্থীরা। পাহাড়ের গা ঘেঁষে হ্রদের পানিতে পর্যটকদের বেশি কয়েকটি নৌকা দাঁড়িয়েছিল।

হঠাৎই ছোট ছোট পাথরের টুকরো ওপর থেকে গড়িয়ে হ্রদে পড়তে দেখেন পর্যটকরা। বিষয়টি তারা খুব স্বাভাবিকই ভেবেছিলেন। কিন্তু তাদের জন্য যে কী বড় বিপদ অপেক্ষা করছিল সেটা আঁচ করতে পারেননি।

কয়েক সেকেন্ডের মধ্যেই আরও একটু বড় পাথর পাহাড়ের গা থেকে খসে পড়া শুরু হলো। পাহাড় থেকে বেশি কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা পর্যটক এবং নৌকা চালকরা বিপদের আঁচ পেয়েই পাহাড়ের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা পর্যটকদের নৌকাগুলিকে সরে আসতে বলেন। এরপরই চোখের পলকে হুড়মুড়িয়ে পর্যটকদের সেই নৌকাগুলির ওপর ভেঙে পড়ে পাহাড়ের একাংশ। তার নীচেই চাপা পড়ে পানিতে ডুবে মৃত্যু হয় পাঁচ পর্যটকের।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ৩২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে।