রাজবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে সংগঠনটির সাধারণ সম্পাদককে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছাত্রলীগ রাজবাড়ী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক দেবজ্যোতি নাগ বাদী হয়ে সভাপতি রাহাত শেখসহ ছয়জনের নামে থানায় লিখিত অভিযোগ করেছে।
ওই সাধারণ সম্পাদকের নাম দেবজ্যোতি নাগ এ ছাড়া তিনি বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও জেলা ছাত্রলীগের স্কুল ছাত্রবিষয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বাড়ি শহরের বিনোদপুরের ভাজনচালা এলাকায়।
অভিযুক্ত সভাপতি রাহাত শেখ রাজবাড়ী সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
অভিযোগ সূত্রে জানা যায়, রোববার দুপুর ১টার দিকে রাজবাড়ী সরকারি কলেজের পুকুর পাড়ে কলেজ ছাত্রলীগের সভাপতি রাহাত শেখ ছয় অনুসারি নিয়ে মাদক সেবন করছিলেন। এ সময় সাব্বির শিকদার ও সোয়েব হাসান মুন তাদের বাধা দেন। এতে করে রাহাতের নির্দেশে সহযোগী নাহিদ পুকুর পাড়ে থাকা বাঁশের লাঠি এবং আসামি মেহেদী হাসান গাছের ডাল দিয়ে এলোপাতাড়ি সাব্বির ও সোয়েবকে মারধর করতে থাকেন।
অভিযোগকারী জানান, বিষয়টি জানতে পেরে দেবজ্যোতি ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করতে থাকেন তারা। তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে বাদীর গলায় থাকা সোনার চেন, সাব্বির ও মুনের কাছে থাকা ফোন ছিনিয়ে নেয় তারা। তাদের খুন করে লাশ গুম করার এবং মামলা করলে বাড়িঘর আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
অভিযোগ অস্বীকার করেছেন কলেজ ছাত্রলীগের সভাপতি রাহাত শেখ বলেন, আজ (রবিবার) ছিল আমার জন্মদিন। জ্যোতি সংগঠনের সাধারণ সম্পাদক। তাকে মারধর করার বিষয়টি সঠিক নয়। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।
রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, কলেজের পুকুর চালায় এ ঘটনাটি ঘটেছে। দুজনই আমাদের কলেজের শিক্ষার্থী। এ বিষয়ে দুজনের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করব।
রাজবাড়ী সদর থানার পরিদর্শক (তদন্ত) ইফতেখার আলম প্রধান বলেন, সন্ধ্যায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে। ঘটনার সত্যতা পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।