সন্ধানীর ৪০তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে ১৪ এবং ১৫ জানুয়ারি। এমন সিদ্ধান্ত নিয়েছে সন্ধানীর নীতি নির্ধারকরা। রবিবার সাংবাদিকদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সন্ধানী বাংলাদেশের মেডিকেল এবং ডেন্টাল ছাত্র/ছাত্রীদের দ্বারা পরিচালিত একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। এটি ১৯৭৭ সাল থেকে স্বেচ্ছায় রক্তদান, অনুপ্রেরণা, টিকা এবং মরণোত্তর চক্ষুদান এবং দরিদ্রদের সহায়তা দিয়ে আসছে।
বর্তমানে সারা বাংলাদেশে সরকারি-বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজ মিলিয়ে সন্ধানীর ২৯টি ইউনিট কাজ করে যাচ্ছে।
সন্ধানী পরিচালনার জন্য প্রতিবছর কেন্দ্রীয় বার্ষিক সম্মেলনের মাধ্যমে ১ বছর মেয়াদী কেন্দ্রীয় কমিটি এবং বিভিন্ন মেডিকেল কলেজ ইউনিটের কমিটি গঠন করা হয়। সেই নিমিত্তে ষান্মাসিক সভায় গৃহিত সিদ্ধান্ত অনুসারে আগামী ১৪ এবং ১৫ জানুয়ারি সন্ধানী কেন্দ্রীয় পরিষদের আয়োজনে এবং সন্ধানী ফরিদপুর মেডিকেল কলেজ ইউনিটের সহায়তায় ৪০তম বার্ষিক সম্মেলন আহ্বান করা হয়।
শুক্রবার সন্ধানীর একটি ইউনিট কমিটি গঠন করা হয়। যা সন্ধানীর গঠনতন্ত্র অনুযায়ী অসাংবিধানিক এমনটাই দাবি করছেন নেতৃবৃন্দ।
সন্ধানী একাধিক নেতৃবৃন্দ দেশ রূপান্তরকে জানায়, সন্ধানীর গঠনতন্ত্র অনুযায়ী শুধু কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক সভা/সম্মেলন/মিটিং আহ্বান করার এখতিয়ার রাখেন এবং সন্ধানীর গঠিত কমিটির সদস্য ডাক্তার হয়ে যাওয়ার পর কেন্দ্রীয় কমিটি বা ইউনিটের কার্যকরী কমিটিতে কোনো পোস্ট পাওয়ার অধিকার রাখেন না।
কেন্দ্রীয় সভাপতি (২০২০-২১) লুৎফর রহমান মিলন, দেশ রূপান্তরকে জানান, কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি কেন্দ্রীয় পরিষদকে অবহিত না করে এবং সম্পূর্ণ অসাংবিধানিক উপায়ে গুটিকয়েক ইউনিটকে ভয়-ভীতি দেখিয়ে এবং রাজনৈতিক চাপ প্রয়োগ করে সন্ধানী কেন্দ্রীয় পরিষদের ভবনকে পেশীশক্তির বলে কুক্ষিগত করে একটি অসাংবিধানিক সম্মেলন করে এবং ডাক্তার হয়ে যাওয়া একজনকে কেন্দ্রীয় পরিষদের সভাপতি এবং অন্য একজন ডাক্তারকে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পদে আসীন করে। সম্পূর্ণ অসাংবিধানিক উপায়ে কেন্দ্রীয় পরিষদের এবং গুটিকয়েক ইউনিটের কমিটিও ঘোষণা করা হয়।
তিনি আরো বলেন, বর্তমান সন্ধানী কেন্দ্রীয় পরিষদ (২০২০-২১) সেশন অসাংবিধানিক সম্মেলন বয়কট ঘোষণা করেছে এবং গঠিত অসাংবিধানিক কমিটিকে বর্তমান সন্ধানী কেন্দ্রীয় পরিষদসহ অধিকাংশ সন্ধানীর ইউনিট বয়কট ঘোষণা করেছে। আমরা তাদের আইনি নোটিশ পাঠিয়েছি। প্রয়োজন হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে ঘোষণাকৃত ইউনিট কমিটির একাধিক নেতার সাথে যোগাযোগ চেষ্টা করেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সন্ধানীর কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে সবাইকে ১৪ ও ১৫ জানুয়ারি ২০২২ ইং তারিখে সন্ধানী কেন্দ্রীয় পরিষদ (২০২০-২১) এর আয়োজনে এবং সন্ধানী ফরিদপুর মেডিকেল কলেজ ইউনিটের সহযোগীতায় ৪০তম কেন্দ্রীয় বার্ষিক সম্মেলনে সবাইকে স্বতস্ফুর্তভাবে স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহন করার জন্য আহ্বান জানানো হয়।