বাংলাদেশের উন্নতির চিত্র তুলে ধরতে গিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, মোটা এখন চাল এখন গরুকে খাওয়ানো হয়। বাংলাদেশে এখন আর কুঁড়ে ঘর নেই, কুঁড়েঘর শুধু কবিতায় আছে।
রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়ক দ্বীপে সাংস্কৃতিক সংগঠন ‘পোস্টার’ ও ‘বজ্রকণ্ঠ’ আয়োজিত ‘দিন বদলের মেলার’ উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি।
হাছান মাহমুদ বলেন, গত ১৩ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দিন বদলে গেছে।
তিনি বলেন, নব্বই দশকে স্লোগান ছিল শ্রমিকের মজুরি হতে হবে সাড়ে তিন কেজি চালের মূল্যের সমান। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকের মজুরি এমন পর্যায়ে নিয়ে গেছেন যে, শ্রমিক একদিনের মজুরি দিয়ে ১২-১৩ কেজি চাল কিনতে পারে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, গত ১৩ বছরে দেশ আরও অনেক এগিয়ে যেতে পারত, যদি বিএনপি-জামাত ও তাদের দোসরদের ধ্বংসাত্মক রাজনীতি না থাকত।
আওয়ামী লীগ ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশের কাতারে নিতে চায় জানিয়ে তিনি বলেন, সেটি করতে হলে এই অপরাজনীতির অবসান হতে হবে। যারা অপরাজনীতি করেন তাদের পতন হতে হবে।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মো.আখতারুজ্জামান বলেন, আজকে যে বাংলাদেশকে নিয়ে আমরা গর্ববোধ করি, যে বাংলাদেশ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল, সেট সম্ভব হত না যদি না বঙ্গবন্ধুকন্যা দেশে ফিরে রাজনৈতিক নেতৃত্ব গ্রহণ না করতেন।
পোস্টার সাংস্কৃতিক সংসদ সভাপতি এস এম জামাল উদ্দিন ইউসুফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে কবি ও সাহিত্যিকদের মধ্যে আবৃত্তি করেন শাহাদৎ হোসেন নিপু, অসীম সাহা, আসলাম সানি, অঞ্জনা সাহা, তপন বাগচী, রহিম শাহ, বাপ্পি রহমান, ইউসুফ রেজা।