ময়মনসিংহের হালুয়াঘাটে দুই গারো তরুণীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় আটক পাঁচ আসামির দুই দিনের রিামান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল রবিবার ময়মনসিংহে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৪র্থ বিচারিক আদালতের বিচারক দেওয়ান মুনিরুজ্জামান এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত শনিবার ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ ও র্যাব-১৪ ওই দুই ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলার ৬ আসামিকে গ্রেপ্তার করে। ৬ জনের মধ্যে ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলার নথিভুক্ত ৪ আসামি ও একজন সন্দেহভাজন আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করে।
অন্যদিকে মামলার প্রধান আসামি রিয়াদকে র্যাব-১৪ জেলার গফরগাঁও থেকে গ্রেপ্তার করে ঢাকা র্যাব কার্যালয়ে পাঠিয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তারকৃত আসামিরা হলো শরীফ মিয়া (২২), মিজানুর রহমান (২২), মিয়া হোসেন (২০), আব্দুল হামিদ (১৯) এবং রুকন মিয়া (২১)।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. সফিকুল ইসলাম বলেন, আটককৃত পাঁচ আসামিকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত দু দিনের রিমান্ড মঞ্জুর করে।
গত ২৭ ডিসেম্বর রাতে ময়মনসিংহের হালুয়াঘাটে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার হন দুই কিশোরী। এ ঘটনায় ৩০ ডিসেম্বর হালুয়াঘাট থানায় ১০জনকে আসামি করে ধর্ষণ মামলা করে ধর্ষনের শিকার এক কিশোরীর বাবা। এ ঘটনায় আসামিদের গ্রেফতার দাবিতে উত্তাল হয়ে উঠে জেলার সীমান্ত উপজেলা হালুয়াঘাটের গারো সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন।