সিংগাইর থানার পুলিশ ধর্ষণের ঘটনার তিন মাস পর মামলার আসামি আলামিনকে (২২) গ্রেপ্তার করেছে। আলামিন সিংগাইর পৌর সদরের আঙ্গারিয়া ১ নম্বর আবাসনের মো. শহীদের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা ধল্লা-ফোর্ডনগর ফাঁড়ির ইনচার্জ এসআই আলমগীর হোসেন বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গতকাল রবিবার দুপুরে উপজেলার জয়মণ্টপ ইউনিয়নের ডাক্তারপাড়া থেকে আলামিনকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত বছরের ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে প্রতিবন্ধকতার শিকার এক শিশুর গলায় ব্লেড ধরে ওই আবাসনের এক গোসলখানায় নিয়ে তাকে ধর্ষণ করেন আলামিন। ঘটনাটি স্থানীয় প্রভাবশালীরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। পরে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেন। অপরদিকে, মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম এলাকায় এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে সাইফুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার সাইফুল ইসলাম সদর উপজেলার হাজীনগর গ্রামের খোকা মিয়ার ছেলে।
গতকাল রবিবার বেলা ১২টার দিকে র্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট আরিফ হোসেন বলেন, গত ২৯ ডিসেম্বর বিকেলে বাজার থেকে বাড়ি যাওয়ার সময় ইমরান হোসেনের সহায়তায় সাইফুল ওই কিশোরীকে মাইক্রোবাসে তুলে নিয়ে বাসুদেবপুর গ্রামের একটি সরিষা ক্ষেতে নিয়ে দুজনে মিলে ধর্ষণ করে। সাইফুলকে সাটুরিয়ার ধানকোড়া গ্রাম থেকে শনিবার রাত দেড়টার দিকে গ্রেপ্তার করা হয়।