দেশের শিক্ষাপ্রতিষ্ঠান আপাতত সীমিত পরিসরে চলতে থাকবে বলে শিক্ষামন্ত্রীর সঙ্গে করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।
বৈঠক সূত্র জানায়, করোনার সংক্রমণ পরিস্থিতি ঘন ঘন পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
রোববার রাতে করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে শিক্ষামন্ত্রী দীপু মনিসহ সংশ্লিষ্টদের এ বৈঠক হয়।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে সব তথ্য-উপাত্ত ও পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত হয়েছে, আপাতত যেভাবে সীমিত আকারে শিক্ষাপ্রতিষ্ঠান চলছে, সেভাবেই চলবে। তবে খুব ঘন ঘন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে ও পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, এ বৈঠকের বিষয়ে জানাতে সোমবার বেলা ১১টায় সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
এর আগে রোববার দুপুরে শিক্ষামন্ত্রী এক সমাবর্তন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, যারা বলছে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত হয়ে গেছে, বন্ধ হয়ে যাচ্ছে, তারা শুধু সংবেদনশীলতা সৃষ্টি করার জন্য করছে; অন্য কিছু না। তারা নানাভাবে গুজব ছড়ায়, সব সময়ই গুজব হয়, গুজবে কান দেবেন না। তবে প্রয়োজনে বন্ধ করা হবে। কিন্তু যতক্ষণ না সেই প্রয়োজন অনুভূত হবে, ততক্ষণ বন্ধ করা হবে না।