ইঞ্জিন বিকল হয়ে পনেরো দিন সাগরে ভাসা ট্রলারের ২০ জেলে উদ্ধার

ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমা থেকে ভারতের জলসীমায় চলে গিয়ে ১৫ দিন ধরে ভাসতে থাকা ট্রলারটিকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

ভোলার ২০ জন জেলে ছিলেন ট্রলারটিতে। গত ১১ ডিসেম্বর ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে ভাসতে ভাসতে গভীর সাগরে হারিয়ে যায়। এরপর বাংলাদেশ কোস্ট গার্ড ভারতীয় কোস্ট গার্ডকে বিষয়টি জানানোর পর গত ২৬ ডিসেম্বর ভারতীয় কোস্টগার্ড ওই ফিশিং ট্রলারসহ ২০ জেলেদের উদ্ধার করেন।

তারপর বাংলাদেশের কোস্টগার্ড পশ্চিম জোন (মোংলা সদর দপ্তর) ৯ জানুয়ারি দুই দেশের কোস্ট গার্ডের সমঝোতার মাধ্যমে এদেশে নিয়ে আসেন।

কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা) জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম মোসায়েদ হোসেন সোমবার দুপুরে জানান, বাংলাদেশ কোস্টগার্ড'র জাহাজ স্বাধীন বাংলা বাংলাদেশের সমুদ্র সীমার নিয়ন্ত্রণ রেখায় গিয়ে ভারতীয় কোস্টগার্ডের জাহাজ সরোজিনি নাইডু থেকে বাংলাদেশের ওই ট্রলারসহ ২০ জেলেকে গ্রহণ করেন।

সোমবার দুপুরেই এ জেলেদেরকে তাদের মহাজন ও ট্রলার মালিক আবুল কাশেমের কাছে হস্তান্তর করেছেন কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার মোসায়েদ হোসেন।