দেশে আরও ১০ ওমিক্রন রোগী শনাক্ত

দেশে করোনার অতি সংক্রমক ওমিক্রন সংক্রমিত আরও ১০ রোগী শনাক্ত হয়েছে। তিন দিনের ব্যবধানে রোগী সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়ালো। সবাই ঢাকার বাসিন্দা।

করোনার জিনোমের উন্মুক্ত বৈশ্বিক তথ্যভান্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটাতে (জিআইএসএআইডি) সোমবার দুপুরে এ তথ্য পাওয়া গেছে।

গত শুক্রবার সকালে জিআইএসএআইডিতে বাংলাদেশে ওমিক্রনে সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা ছিল ২০।

গত ১০ ডিসেম্বর দেশে প্রথম ওমিক্রন শনাক্ত হয় জিম্বাবুয়েফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্যদের শরীরে।

দেশে করোনার সংক্রমণ এখন আবারও ঊর্ধ্বমুখী। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এক সপ্তাহের ব্যবধানে দেশে নতুন রোগী বেড়েছে ১১৫ শতাংশ। একই সময়ে করোনায় মৃত্যু বেড়েছে ১৫ শতাংশ।

এই সংক্রমণ আরও বাড়বে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

সারা বিশ্বে অতি দ্রুত ছড়িয়ে পড়েছে ওমিক্রন। প্রতিবেশী ভারতেও সংক্রমণ লাফিয়ে বাড়ছে।