১৭ অক্টোবর পারিবারিক আয়োজনে বিয়ে করেছেন রাজ ও পরীমণি

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরী মণি মা হতে যাচ্ছেন। পরীমণির সন্তানের বাবা মডেল চিত্রনায়ক শরিফুল রাজ। সোমবার দুপুরে রাজ ফেসবুকে পরীর মা হওয়ার খবর জানান।

দেশ রূপান্তরকে শরিফুল রাজ বলেন, ‘আমরা গত ১৭ই অক্টোবর বিয়ে করেছি। গুনীন সিনেমা করতে গিয়ে পরীমণির সঙ্গে প্রেম এরপর বিয়ে। আমরা সন্তানের বাবা মা হতে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

রাজ আরও জানান, পারিবারিক আয়োজনেই বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তারা। দেড় বছর পরী কোন কাজ করবে না, কারণ সে আমার সন্তানের মা হচ্ছে।

গিয়াস উদ্দিন সেলিম দেশ রূপান্তরকে বলেন, ‘কবে কখন তারা বিয়ে করেছে সেটা আমরা জানি না। আমাদেরকে জানানো হয় নাই। তিন চার দিন আগে আমি জানতে পেরেছি তারা বিয়ে করেছে ও পরী মণি মা হতে যাচ্ছে। তাদের জন্য শুভ কামনা রইল।’

২০১৫ সালে শাহ আলম মণ্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে পা রাখেন পরীমণি। এই সিনেমায় পরীর নায়ক ছিলেন জায়েদ খান। কোনো সিনেমা মুক্তির আগেই ‘রানা প্লাজা’ সিনেমায় কাজ করে আলোচনায় এসেছিলেন পরীমণি। এরপর আরও ভালোবাসবো তোমায়, অন্তর্জ্বালা, স্বপ্নজালসহ একাধিক দর্শক নন্দিত সিনেমায় অভিনয় করেন পরীমণি।

গত বছরের আগস্ট মাসে নাসির ইউ মাহমুদ এর সঙ্গে ঝামেলায় জড়িয়ে আলোচনায় আসেন পরী। এরপর মাদক মামলায় জড়িয়ে জেলও খাটেন তিনি। মামলাটি এখনও বিচারধীন রয়েছে।

অপরদিকে শরিফুল রাজ মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন। রেদওয়ান রনী পরিচালিত ‘আইসক্রিম’ সিনেমায় অভিনয়ের ভেতর দিয়ে চলচ্চিত্রে পা রাখেন তিনি। সর্বশেষ গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনীন’ সিনেমায় পরীমণির বিপরীতে কাজ করছেন।