কবে প্রেম, কীভাবে বিয়ে, সব জানালেন পরীমণি ও রাজ

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরী মণি মা হতে যাচ্ছেন। পরীমণির সন্তানের বাবা মডেল চিত্রনায়ক শরিফুল রাজ। সোমবার দুপুরে রাজ ফেসবুকে পরীর মা হওয়ার খবর জানান। মা হওয়ার খবর আসার আগ মুহূর্ত পর্যন্ত পরীমণি ও শরিফুল রাজের বিয়ের খবরও গোপন ছিল। জানা যায়, সিনেমার সেটেই প্রেম। অল্প দিনের মধ্যেই বিয়ে করেন এই তারকা জুটি।

দেশ রূপান্তরকে শরিফুল রাজ বলেন, ‘গুনীন সিনেমা করতে গিয়ে পরীমণির সঙ্গে প্রেম এরপর বিয়ে।  আমরা গত ১৭ই অক্টোবর বিয়ে করেছি। আমরা সন্তানের বাবা মা হতে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

পরীমণি বলেন, ‘গত বছরের ১৭ অক্টোবর আমরা বিয়ে করেছি। এর আগে রাজের সঙ্গে তেমন কোনো পরিচয় ছিল না। গিয়াস উদ্দিন সেলিমের গুনীন সিনেমায় রাজের সঙ্গে কাজ করতে গিয়েই পরিচয়। শুটিং সূত্রেই আমাদের কাছে আসা। এরপর শুটিংয়ে দুজন খুব মজা করতাম। মজা করতে করতেই এক সময় আমাদের ভেতর প্রেম হয়ে যায়। প্রেম হওয়ার পর আমরা বেশি দিন অপেক্ষা করিনি। মাত্র সাত দিনের মাথাতেই বিয়ে করে ফেলি।’

তিনি আরও জানান, আমরা দুই পরিবারকেই আমাদের বিষয়টা বলি। এরপর পারিবারিকভাবেই আমাদের বিয়ের আয়োজন করা হয়। রাজের আফতাব নগরের বাসায় দুই পরিবারের উপস্থিতিতে আমরা বিয়ে করি।’

মা হওয়ার বিষয়ে পরী বলেন, কিছুদিন আগে আমি টের পেয়েছি আমি মা হতে যাচ্ছি। আজ দুপুরে ডাক্তারের কাছে গেলে ডাক্তার নিশ্চিত করেন। সেই সঙ্গে ডাক্তার আমাকে এখন সাবধানে চলতে বলেছেন। আপাতত কাজ করছি না। নিজের সন্তানকে ভালোভাবে পৃথিবীতে আনতে চাই। একটা সুস্থ সুন্দর বাচ্চা যেন পাই সেই প্রত্যাশা করছি।’

এদিকে অনাগত সন্তানের নামও রেখেছেন পরীমণি। পরী জানালেন কন্যা সন্তান হলে তার নাম রাখবেন রাণী আর পুত্র সন্তান হলে নাম রাখবেন রাজ্য।

২০১৫ সালে শাহ আলম মণ্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে পা রাখেন পরীমণি। এই সিনেমায় পরীর নায়ক ছিলেন জায়েদ খান। কোনো সিনেমা মুক্তির আগেই ‘রানা প্লাজা’ সিনেমায় কাজ করে আলোচনায় এসেছিলেন পরীমণি। এরপর আরও ভালোবাসব তোমায়, অন্তর্জ্বালা, স্বপ্নজালসহ একাধিক দর্শক নন্দিত সিনেমায় অভিনয় করেন পরীমণি।

গত বছরের আগস্ট মাসে নাসির ইউ মাহমুদ এর সঙ্গে ঝামেলায় জড়িয়ে আলোচনায় আসেন পরী। এরপর মাদক মামলায় জড়িয়ে জেলও খাটেন তিনি। মামলাটি এখনো বিচারাধীন রয়েছে।

অপরদিকে শরিফুল রাজ মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন। রেদওয়ান রনী পরিচালিত ‘আইসক্রিম’ সিনেমায় অভিনয়ের ভেতর দিয়ে চলচ্চিত্রে পা রাখেন তিনি। সর্বশেষ গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনীন’ সিনেমায় পরীমণির বিপরীতে কাজ করছেন।