বলিউড অভিনেতা শাহরুখ খানের মুম্বাইয়ের বাড়ি ‘মান্নাত’ উড়িয়ে দেয়ার হুমকির অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার ভারতীয় গণমাধ্যম জানায়, মধ্যপ্রদেশের জবলপুর থেকে জীতেশ ঠাকুর নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
খবরে বলা হয়, মহারাষ্ট্র পুলিশের দপ্তরে ফোন করে এক ব্যক্তি বাণিজ্যনগরী মুম্বাইয়ের জনবহুল এলাকায় বিস্ফোরণ ঘটানোসহ একাধিক জায়গা উড়িয়ে দেওয়ার হুমকি দেয় গত সপ্তাহে। উড়িয়ে দেয়ার তালিকায় শাহরুখের মান্নাতও ছিল।
পুলিশ তদন্তে নেমে জানতে পারে, ফোনটি করা হয়েছিল মধ্যপ্রদেশের জবলপুর থেকে। মহারাষ্ট্র পুলিশের থেকে খবর যায় মধ্যপ্রদেশ পুলিশের কাছে।
পরে, মধ্যপ্রদেশ পুলিশ জবলপুর থেকে গ্রেপ্তার করে জীতেশ ঠাকুরকে।
পুলিশের দাবি, মাতাল অবস্থায় শাহরুখের বাড়িসহ মুম্বাইয়ের একাধিক জায়গা উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ফোন করেছিল জীতেশ। এমনটা নাকি আগেও ঘটিয়েছেন ওই ব্যক্তি। বিবাহিত জীবনে অশান্তির কারণেই নাকি তিনি এমন কাণ্ডকারখানা করে আসছেন!